অনলাইন ডেস্ক

গত বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা এবং স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও একজন জরুরি সেবাকর্মী রয়েছেন।
গাজা সিটির তুফফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে আরও চারজন নিহত হয়েছেন। এছাড়া আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরির উপস্থিতি নিশ্চিত করেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ইয়েলো লাইন-এর কাছে নিয়মিত অভিযানের সময় এই ঘটনা ঘটে।
প্রায় চার মাস আগে কার্যকর হওয়া ‘অস্ত্রবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি হামলায় ইতোমধ্যেই ৫২০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭১,৮০৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


