অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।
বুধবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরির স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
শারমীন এস মুরশিদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।
দেশবাসীর প্রতি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।
মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।


