অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন লড়াকু যোদ্ধা।
হাদির মৃত্যুতে সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খবরটি আসার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন।
হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন কোথায় হবে, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।


