অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ে একদিনে সারা দেশে ১৬৮টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন মোট ৪ হাজার ৮৯৭ জন যাত্রীকে শনাক্ত করেছে। এসব যাত্রীর কাছ থেকে জরিমানাসহ মোট ১০ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যে এ তথ্য জানানো হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শন দলের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। যাত্রীরা যাতে বৈধ টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করেন, সেজন্যই কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।
রেলওয়ে আরও জানায়, টিকিটবিহীন ভ্রমণ রোধ, যাত্রীসেবা বৃদ্ধি এবং রাজস্ব ক্ষতি কমাতে ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি যাত্রীদের নিয়ম মেনে স্টেশন কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটার আহ্বান জানানো হয়েছে।


