অনলাইন ডেস্ক

ঢাকা, ২৫ মার্চ: জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন তার নতুন গান ‘আবার চুমকি’। ঈদের দিন সন্ধ্যায় গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।
গানটি শোনা যাচ্ছে গানচিল মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক।
গানচিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’ নতুনভাবে উপস্থাপনের ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘আবার চুমকি’। মূল গানটি কণ্ঠ দিয়েছিলেন খুরশীদ আলম, যা ‘দোস্ত দুশমন’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই গানটি রিমেক করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।
নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ৬০-৭০ দশকের আবহে, যেখানে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটিয়ে তোলা হয়েছে।
গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর তিনি দারুণ সাড়া পেয়েছিলেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর ‘আবার চুমকি’ তৈরি হয়েছে বলে জানান তিনি। নতুন গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করবে বলেও আশা প্রকাশ করেন এই শিল্পী।


