শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইইউর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে যাচ্ছে যুক্তরাজ্য, নতুন রাজনৈতিক লড়াইয়ের আশঙ্কা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

লন্ডন, ১৮ জানুয়ারি (এএফপি): ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর করে যুক্তরাজ্য। তবে সেই ব্রেক্সিট ঘিরে বছরের পর বছর রাজনৈতিক অচলাবস্থা ও বিতর্কের পর এবার ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও ঘনিষ্ঠ করার লক্ষ্যে আইন প্রণয়নের পথে হাঁটছে দেশটির লেবার সরকার। এতে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে তীব্র লড়াইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে টানা ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন লেবার নেতা কিয়ার স্টারমার। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি ২৭ সদস্যের ইইউ জোটের সঙ্গে সম্পর্ক মেরামত ও নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন।

স্টারমারের আশা, ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাজ্যের স্থবির অর্থনীতিতে গতি আনবে এবং জনসমর্থনে কিছুটা ভাটা থাকা তার প্রধানমন্ত্রিত্বে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইইউর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’-এর বহুল আলোচিত উদ্যোগকে আইনি কাঠামো দিতে একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে স্টারমার সরকার। তবে পার্লামেন্টে লেবারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই উদ্যোগ কনজারভেটিভ পার্টি ও কট্টর ডানপন্থী রিফর্ম ইউকের তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে।

রিফর্ম ইউকের নেতা এবং কট্টর ইউরো-সন্দেহবাদী নাইজেল ফারাজের কাছ থেকে ‘ব্রেক্সিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা’র অভিযোগ আসতে পারে—এমন আশঙ্কার কথা স্বীকার করে যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা বলেন, ‘যা হওয়ার হোক।’

এই উদ্যোগ লেবার দলের ভেতরেও বিভাজন তৈরি করতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাজ্য ইইউর কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেবে কি না—সে প্রশ্নে মতভেদ স্পষ্ট হচ্ছে।

গত বছর স্টারমার ইইউ নেতাদের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তিতে পৌঁছান, যার লক্ষ্য খাদ্য ও কৃষিপণ্যের রপ্তানিতে জটিলতা কমিয়ে বাণিজ্য বাড়ানো। পাশাপাশি জ্বালানি ব্যয় কমাতে একটি নতুন বিদ্যুৎ চুক্তি নিয়েও আলোচনা চলছে, যাতে যুক্তরাজ্যকে ইইউর অভ্যন্তরীণ বিদ্যুৎ বাজারের সঙ্গে যুক্ত করা যায়। এসব উদ্যোগের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইইউর নিয়মকানুনের সঙ্গে যুক্তরাজ্যের সামঞ্জস্য বাড়বে।

এখনো বিলটির খসড়া প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, এই আইন সামঞ্জস্যের জন্য একটি ‘ব্যবস্থাপনা কাঠামো’ তৈরি করবে। তাঁর ভাষায়, ‘এই বিল নিয়ম গ্রহণের ক্ষমতা দেবে এবং সেই প্রক্রিয়ায় পার্লামেন্টের ভূমিকা কী হবে, তা নির্ধারণ করে দেবে।’

সরকার আশা করছে, বসন্ত বা গ্রীষ্মকালেই বিলটি সংসদে উত্থাপন করা যাবে। সময়টি এমন হতে পারে, যা ২০১৬ সালের জুনে অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটের দশম বার্ষিকীর কাছাকাছি পড়বে।

ব্রেক্সিট গণভোটের পর তিন বছর ধরে যুক্তরাজ্য ও ইইউর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে পার্লামেন্টে তীব্র অচলাবস্থা তৈরি হয়, যার জেরে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগ করেন। পরে বরিস জনসনের নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে কনজারভেটিভদের ভূমিধস বিজয়ের মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়ন হয়।

বর্তমানে নিয়মিত জনমত জরিপে দেখা যাচ্ছে, ব্রিটিশদের একটি বড় অংশ ইইউ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত এবং ব্রেক্সিটকে ব্যর্থ প্রকল্প হিসেবে দেখছে। এই মনোভাব স্টারমারের জন্য রাজনৈতিকভাবে সহায়ক হতে পারে বলে তিনি আশা করছেন।

একজন লেবার এমপি বলেন, ‘টোরি ও ফারাজের ব্রেক্সিটে যে ক্ষতি হয়েছে, তার কিছুটা সংশোধন হওয়া উচিত—এ বিষয়ে লেবারের ভেতরে ব্যাপক ঐকমত্য রয়েছে।’

তবে সবাই একমত নন। সম্প্রতি ১৩ জন লেবার এমপি লিবারেল ডেমোক্র্যাটদের একটি প্রস্তাবে সমর্থন দেন, যেখানে যুক্তরাজ্যকে আবার ইইউ কাস্টমস ইউনিয়নে যোগদানের আলোচনা শুরুর আহ্বান জানানো হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমার কাস্টমস ইউনিয়নে ফেরার বিরোধিতা করে আসছেন এবং ইইউর সিঙ্গেল মার্কেটের সঙ্গে সীমিত পুনঃসামঞ্জস্যের পক্ষেই অবস্থান নিয়েছেন।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, এই ‘রিসেট’ উদ্যোগ কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে এবং ২০৪০ সালের মধ্যে দেশটির অর্থনীতিতে প্রায় ৯ বিলিয়ন পাউন্ড যোগ করতে পারে। বিলের বিস্তারিত সময়মতো জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইউরোপীয় থিঙ্ক ট্যাংক সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের উপপরিচালক ইয়ান বন্ড বলেন, বিলটি সত্যিই ‘গেম চেঞ্জার’ হবে কি না, তা নির্ভর করবে সরকার কতটা সাহসী পদক্ষেপ নেয় তার ওপর। তাঁর মতে, মন্ত্রীরা রিফর্ম ইউকের সমালোচনার আশঙ্কায় অতিমাত্রায় সতর্ক অবস্থান নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ