কর্পোরেট ডেস্ক

টেকসই ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের অফিসিয়াল গাড়ি বহরে অন্তর্ভুক্ত করেছে অত্যাধুনিক প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (PHEV) বিওয়াইডি সিলায়ন ৬। চলতি বছরের শুরুতে কর্পোরেট হেড-অফিসে ইভি চার্জিং স্টেশন স্থাপনের পর এই উদ্যোগ প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব নীতিকে আরও শক্তিশালী করেছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং বিওয়াইডি বাংলাদেশের মধ্যে এই সহযোগিতা পরিচ্ছন্ন ও জ্বালানি-সাশ্রয়ী পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং বাংলাদেশকে ধীরে ধীরে টেকসই মোবিলিটির দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ইতোমধ্যেই সবুজ উদ্ভাবন কার্যক্রমে অন্তর্ভুক্ত করে উদাহরণ স্থাপন করেছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমাদের কাছে টেকসই উন্নয়ন কেবল প্রতিশ্রুতি নয়, আমরা বিষয়টি মনে প্রানে ধারণ করি। গাড়ি বহরে বিওয়াইডি সিলায়ন ৬ পিএইচইভি যুক্ত করা জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি কার্যকর পদক্ষেপ। আমরা আশা করি, এই অংশীদারিত্ব অন্য প্রতিষ্ঠানগুলোকেও কর্মী ও পরিবেশের স্বার্থে টেকসই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে।”
বিওয়াইডি বাংলাদেশের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, “আইপিডিসির সঙ্গে এই অংশীদ্বারিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পরিবহনের প্রসারই বিওয়াইডির লক্ষ্য। আর আইপিডিসির মতো প্রতিষ্ঠান যখন পিএইচইভি প্রযুক্তি গ্রহণ করে, তখন বিশ্বাস করি বাংলাদেশেও এই পরিবর্তনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি গড়ে উঠছে।”
এই উদ্যোগটি দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ এবং টেকসই মোবিলিটির দিকে অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


