
মাদারীপুর প্রতিনিধি : ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। শুক্রবার সকালে শহরের পুরান কোর্ট এলাকায় মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সচেতন নাগরিক কমিটির সভাপতি শহীদ খান এবং মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অখিল সরকারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী হুমায়ুন কবির বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব মহামারি হিসেবে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা জরুরি।
দিবসটি উপলক্ষে হাসপাতালে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা নিতে ভিড় করেন। পরে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি দ্রুত বাড়ছে। তাই কর্মস্থলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি। তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ আয়োজনকে জেলা জুড়ে ইতিবাচক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করেছেন সংশ্লিষ্টরা।


