অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি—২৬ জনের বাড়ি নোয়াখালী জেলায়। বাকি ব্যক্তিরা কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা।
অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে ব্র্যাকের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক পরিবহনসহ জরুরি সহায়তা প্রদান করা হয়। কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কঠোরতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রবণতা বেড়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অনেকে জানান, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর হঠাৎ আটকের পর নির্বাসনের সিদ্ধান্তে তারা মানসিকভাবে বিপর্যস্ত। দেশে ফিরে এখন তারা পুনরায় জীবিকা পুনর্গঠনের চিন্তায় আছেন।


