অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকার একটি আটতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, প্রায় ২২ মিনিটের চেষ্টায়, রাত ৯টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনটি আবাসিক হওয়ায় ঘটনাস্থলে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েকজন বাসিন্দাকে নিরাপদে বাইরে আনা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক, এবং ভবনের ভেতর তল্লাশি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আগুন কীভাবে লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।


