ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ছদ্মবেশী অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয় সোহেল রানা (২৮) ও আলী হোসেন (৩৫)–কে।
পুলিশ জানায়, সম্প্রতি মহেশপুরসহ আশপাশের একাধিক এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ সদস্যরা ছদ্মবেশে অবস্থান নিয়ে ডাকাত দলের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে দুই সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তার সোহেল রানা মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, এরা দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ছদ্মবেশী বিশেষ অভিযানের মাধ্যমে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ চলছে।”
পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি ফিরে এসেছে। এলাকাবাসী জানিয়েছে, গত কয়েক মাস ধরে রাতের বেলা ডাকাতির আতঙ্কে তারা ভুগছিলেন। গ্রেপ্তার দুই সদস্যকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


