অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় দেড় হাজারের মতো ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬টি করা হয়। পরে আরও তিনটি যোগ হওয়ায় মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তীব্র বাতাস এবং ঘনবসতিপূর্ণ এলাকাজুড়ে টিনের ঘর ঘনবসতিপূর্ণ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়েছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠন কাজ শুরু করেছে।


