অনলাইন ডেস্ক

কীটনাশক ও আগাছানাশকের অতিরিক্ত ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস করছে এবং ভূমি সুরক্ষায় বড় বাধা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, হার্ভিসাইড বা আগাছানাশক শুধু মাটির ক্ষতিই করছে না, এটি জমিতে বসবাসকারী ও চলাচলকারী বিভিন্ন প্রাণীর জন্যও বিপজ্জনক। এসব রাসায়নিক ব্যবহারের ফলে কৃষিজমির প্রাকৃতিক উর্বরতা কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, কৃষি ও ভূমির সুষম ব্যবহারের জন্য এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ভূমির ওপর অতিরিক্ত চাপ, রাসায়নিকের নির্বিচার ব্যবহার এবং অযৌক্তিক চাষাবাদ কৃষি ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবিদ ও কৃষি বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা রাসায়নিক নির্ভর কৃষি কমিয়ে টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


