অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হলে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।” তিনি স্পষ্ট করে জানান, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রতিষ্ঠান রাজনৈতিক পক্ষপাতিত্বে জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে পর্যবেক্ষকদের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। মানহীন বা অনভিজ্ঞ পর্যবেক্ষক এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা শুধু মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই।”
ইসি জানায়, কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশিরা কেবল বিদেশি পর্যবেক্ষক হিসেবেই তাদের নিজস্ব দেশের বিধি–বিধান অনুসরণ করে আবেদন করতে পারবেন।
সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন কমিশনার সানাউল্লাহ।


