অনলাইন ডেস্ক

ঢাকা, ২৪ নভেম্বর – প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ১৫ খামারিকে পদক প্রদান করবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক দেওয়া হবে পোল্ট্রি খামার, প্রাণী ও প্রাণিজাত পণ্য উৎপাদনসহ মোট ৫টি ক্যাটাগরিতে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে এই পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের প্রাণিসম্পদ সপ্তাহ আগামী বুধবার থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, খামারিদের এই স্বীকৃতি মূলত দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রেরণা হিসেবে দেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও আয় বৃদ্ধি করতে সরকার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।


