মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভক্ত-অনুরাগীসহ মোট চারজন আহত হয়েছেন।
জানা গেছে, আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে।
আহত ভক্তরা হলেন জেলার শিবালয়ের শাকরাইল গ্রামের আবদুল আলীম (২৫), সিঙ্গাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)। আহত অন্যজন হলেন সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আবদুল আলীম (২৭)।
পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে এনেছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ বলেছে, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নজরে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।”


