অর্থ-বাণিজ্য ডেস্ক, ২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক রোববার (২৩ নভেম্বর) থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট পরিবর্তন এবং অটোমেটেড চালানসহ সব সরাসরি গ্রাহকসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একযোগে রাজধানীর মতিঝিলসহ দেশের সকল শাখা থেকে এসব সেবা বন্ধ হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেবা বন্ধ হলেও বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব কার্যক্রম পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক তদারকি বৃদ্ধি করবে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং গ্রাহকসেবা পরিচালনায় বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


