অনলাইন ডেস্ক

কিংস্টন, জ্যামাইকা – ক্যারিবীয় দ্বীপ দেশ জ্যামাইকায় লেপ্টোসাইরোসিস নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে কমপক্ষে ৬ জনের মৃত্যু ঘটেছে। এটি একটি মারাত্মক প্রাদুর্ভাব হিসেবে আকার নিয়েছে, যা অক্টোবরের শেষ দিকে ক্যাটেগরি ৫-এর ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবের পর ছড়িয়ে পড়েছে।
২৮ অক্টোবর জ্যামাইকায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রবল বৃষ্টি ও বন্যা দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানিতে দূষণ ও জলাভূমি লেপ্টোসাইরোসিস ব্যাকটেরিয়ার বিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, বন্যার পানিতে শরীরের কোনো ক্ষত বা খোলা অংশ দিয়ে সংক্রমণ হতে পারে। তারা সতর্কতা হিসেবে পরিষ্কার পানি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এবং জ্যামাইকাবাসীদের অতি প্রয়োজন ছাড়া প্লাবিত এলাকায় প্রবেশ এড়াতে বলেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা এবং বমি বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারা বলছেন, দ্রুত চিকিৎসা না হলে সংক্রমণ প্রাণঘাতী হতে পারে।
অভিজ্ঞরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় ও বন্যার পরবর্তী সময়ে এই ধরনের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। সরকারের পাশাপাশি বিভিন্ন মানবিক সংস্থা বন্যাপ্রবণ এলাকায় দ্রুত চিকিৎসা ও পরিষ্কার পানি সরবরাহে কাজ করছে।


