
অনলাইন ডেস্ক : শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর মীরপুর পার্বত্য বৌদ্ধসংঘ কমপ্লেক্সে অনুষ্ঠিত আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তিনি সতর্ক করেন, দুর্যোগের প্রভাব কমাতে সঠিক প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।
উপদেষ্টা বলেন, সীমিত জনবল সত্ত্বেও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িসহ সারাদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বাধা, সড়ক অবরোধ ও হামলার ঘটনাও ঘটেছে। রাষ্ট্র এখন পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বাধা দিচ্ছে—এটাই আশার দিক বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।
পাহাড় কাটা, ঝাউবাগান ধ্বংস ও প্রাকৃতিক বন উজাড়কে পরিবেশগত ঝুঁকির প্রধান কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো কোনোভাবেই ঐতিহ্য রক্ষার উপায় হতে পারে না। কৃষকদের স্বার্থে বিভাগীয় পর্যায়ে বিপণন কেন্দ্র স্থাপন করতে হবে। দেশের খাদ্য-সংস্কৃতি, ঐতিহ্য ও প্রথাগত উৎপাদন ব্যবস্থাকে রক্ষা করতে হবে। যত বৈচিত্র্য থাকে, দেশ তত সুন্দর হয়।
পরিবেশ, সংস্কৃতিবিষয়ক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে বিপণন কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হলে সুপারিশ করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক অবসারপ্রাপ্ত মেজর তপন বিকাশ চাকমা এবং আদিবাসী অধিকার কর্মী মেইনথিন প্রমিলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। উদ্বোধন শেষে পরিবেশ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।


