
অনলাইন ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনে ঢাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর বাড্ডার লিংক রোড এলাকায় একটি ভবন হেলে পড়েছে বলে দাবি করেছেন সার্জেন্ট আনিসুর রহমান নামে এক পুলিশ সদস্য। সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসে এ তথ্য শেয়ার করেন।
তার পোস্টে উল্লেখ করা হয়, ভূমিকম্পের তীব্রতায় ভবনটি কেব্ল বেশ কেঁপে ওঠেনি, বরং দৃশ্যমানভাবে একপাশে হেলে পড়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ খোলা জায়গায় বের হয়ে আসেন।
তবে ভবনটি হেলে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে বলে জানা গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে রাজধানীর বিভিন্ন এলাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও আশপাশের জেলার মানুষও তীব্র কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।
ঘটনার পর বিশেষজ্ঞরা ভবনটির নিরাপত্তা পরীক্ষা এবং স্থানীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


