
বিমানবন্দরের ইমিগ্রেশন হলে থাকা ইলেকট্রনিক ডিসপ্লেগুলোতে যে নির্দেশনাটি প্রদর্শিত হয়েছে, তার বাংলা অংশে লেখা ছিল— “অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।” যাত্রীদের গতি ও সুবিধা বাড়াতে যুক্তরাজ্যের বর্ডার ফোর্স এই বহু ভাষার প্রদর্শন ব্যবস্থা চালু করেছে বলে জানা গেছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী হিথরো বিমানবন্দরে অবতরণ করেন। বিশেষ করে বাঙালি যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অনেকে মনে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রবাসী বাংলাদেশি যাত্রীরা বলেন, বাংলায় নির্দেশনা থাকায় বোর্ড ব্যবহার করা এখন আরও সহজ হয়েছে। এতে প্রথমবার যুক্তরাজ্যে আসা যাত্রীদেরও ইমিগ্রেশন প্রক্রিয়া বুঝতে সুবিধা হবে।
হিথরো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও বিমানবন্দরের নতুন এই উদ্যোগকে যাত্রীর ভাষাগত বহুমুখিতাকে সম্মান জানানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


