
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্কের একটি আদালত।
গতকাল শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ খবর জানানো হয়।
তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করা হয়। আদালতের আদেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়াও পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ বলেছেন,
“গাজায় শিশু ও নারীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এর দায় কেউ এড়াতে পারে না। মানবতাবিরোধী এই অপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতেই আদালত এ সিদ্ধান্ত নিয়েছে।”
বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমবর্ধমান আইনি চাপ ও আন্তর্জাতিক ক্ষোভের প্রতিফলন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
তুরস্ক এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (ICC) গাজায় সংঘটিত অপরাধের বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানায়।


