
নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) পাঁচ দিনব্যাপী এই সামিটের মূল সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ, পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ আয়োজনের উদ্যোগ নেয়।
আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন। সম্মেলনের প্রথম দিনেই সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং নীতিগত সুপারিশ তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের বৃহৎ সাইবার নিরাপত্তা উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, “আয়োজকদের পরিকল্পনার কথা শুনে আমি অভিভূত হয়েছিলাম। এখানে অনেকেই আইটি বিষয়ে দক্ষ এবং বাংলাদেশকে নিয়ে কাজ করতে আগ্রহী। আইটি ও সাইবার সিকিউরিটি খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।”
এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করতে চাই।”
এর আগে, গত ২৩ জুন থেকে সামিটের প্রথম তিন দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘Practical Cyber Investigation’ কর্মশালা ছিল অন্যতম আকর্ষণ।
এছাড়া ‘DevSecOps for Practitioners’, ‘Master Application Security: Vulnerability Management and Penetration Testing’ এবং ‘Ransomware Mechanics’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসব কর্মশালায় সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসামওয়্যার প্রতিরোধ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।
সামিটের সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সামিটটি সফলভাবে আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি সহযোগিতা করছে। এছাড়া বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।


