নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল ও আধুনিক করতে এ বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে দীর্ঘ সময়ের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের মতো ঘটনাও ঘটে থাকে। এসব কারণে পুরোনো তথ্য ব্যবহার করে পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়। তাই নির্দিষ্ট সময় পর এনআইডি হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।
প্রচলিত আইন অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এ একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করা যায়।
এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুসারে, সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এনআইডি নবায়নের আবেদন করা যায়। আবেদনকারী সাধারণ অথবা জরুরি—এই দুই ধরনের আবেদনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ আবেদন নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন এবং জরুরি আবেদনের ক্ষেত্রে ৭ দিন। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনআইডি নবায়নের সুযোগ আগে থেকেই রয়েছে। কেউ চাইলে যেকোনো সময় আবেদন করে নতুন এনআইডি নিতে পারেন। বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় কার্ড সংগ্রহ করা যায়।”
বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডি পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার পুনঃইস্যুর জন্য সাধারণ ফি ৩০০ টাকা ও জরুরি ফি ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। এরপর প্রতিবার সাধারণ আবেদন ফি ৫০০ টাকা এবং জরুরি আবেদন ফি ১ হাজার টাকা দিতে হয়।
এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর পরিচয় ব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপদ করতে ভবিষ্যতে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।


