অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে দেশটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংশ্লিষ্টরা মনে করছেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং আঞ্চলিক কূটনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


