নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে দেশের সকল পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
সিদ্ধান্তে আরও বলা হয়, ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন দাখিল করবেন।
এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর সরাসরি নজরদারি জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


