অনলাইন ডেস্ক

ঢাকা, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সেখানে বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা পুরো পরিবেশকে শোক ও গর্বের আবহে আবিষ্ট করে।
রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরপরই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
প্রতি বছরের মতো এবারও মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান।


