অনলাইন ডেস্ক

লন্ডন: ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় সোমবার জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী) র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি অংশ নেবেন।
বৈঠকে যুদ্ধ পরিস্থিতির কারণে সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা, শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠক ‘কোবরা’ নামের এই জরুরি কমিটি অধীনে অনুষ্ঠিত হবে।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দেন, তবে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহে আঘাত হানবে। এই উত্তেজনা শুরু হওয়ার পর আন্তর্জাতিক আর্থিক বাজারগুলো অস্থিরতার মুখে পড়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য এখন প্রাকৃতিক গ্যাস আমদানি ও উচ্চ মূল্যস্ফীতি, সরকারি কোষাগারে চাপ এবং আন্তর্জাতিক বাজারের তুলনায় দ্রুত কমতে থাকা সরকারি বন্ডের মূল্য নিয়ে উদ্বিগ্ন।
র্যাচেল রিভস জানিয়েছেন, ব্রিটিশ অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদিও সাধারণ মানুষের জন্য বড় ধরনের ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপের দাবি উঠেছে, তাতে আপাতত আপত্তি জানানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


