অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলার প্রেক্ষিতে জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় জরুরি সতর্ক সংকেত জারি করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাতের ঝুঁকিতে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে। এ ধরনের অস্ত্র থেকে ছোট ছোট বহু বিস্ফোরক ছড়িয়ে পড়ে, যা বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ইতোমধ্যে ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরকের আঘাতে ক্ষতির খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও বিস্ফোরণের চিত্র দেখা গেছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেখানকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গত রোববার থেকে ধারাবাহিকভাবে এই হামলা চলমান রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতেই নয়, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর হামলারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: Al Jazeera


