অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রে আবেগ নয়, বরং সংবিধান ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে পরিচালিত হয় না; রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান, আইন ও বিধিবিধানের মাধ্যমে।
রবিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সরকার ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হবে।
এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই সনদ’ কার্যকরের বিষয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদীয় রীতিনীতির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করতে হলে সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ বা ৬৮ ধারার অধীনে নোটিশ দেওয়ার বিধান রয়েছে। বিরোধীদলীয় নেতা এ ধরনের কোনো নোটিশ দিয়েছেন কি না—তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
বিরোধীদলীয় নেতার পঠিত ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আনা যায় না।
তিনি আরও বলেন, গত বছরের ১৩ নভেম্বর জারি করা এই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন—যা বিষয়টিকে অস্বাভাবিক করে তুলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক এবং সেই পথেই সরকার অগ্রসর হবে।


