অনলাইন ডেস্ক

বাংলাদেশ-এর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার রাতে বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি প্রদান করা হয়েছে।
গেজেটে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে পৃথক আরেকটি গেজেটও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেছেন নাসিমুল গনি।
প্রকাশিত গেজেটের মাধ্যমে দেশে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


