নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং পৌনে ১০টায় ভোটাধিকার প্রয়োগ শেষে বের হন।
ভোট দেওয়ার পর উপস্থিত ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আশা করি দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।”
সকালের শুরু থেকেই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা নিশ্চিতে অবস্থান করছে। এছাড়া দেশি-বিদেশি সাংবাদিক ও ভোট পর্যবেক্ষকদের উপস্থিতিও নজর কাড়ছে।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৪,৭০৯, নারী ভোটার ১,৫৯,৬০৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মূল লড়াই শুরু থেকেই বিএনপি ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে হয়েছে।
এই নির্বাচনে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচনে থেকে সরে গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
-
সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ
-
শামীম আহমেদ (ডাব প্রতীক)
-
মো. রাশেদুল হক (আনারস প্রতীক)
-
মঞ্জুর হুমায়ুন (আপেল প্রতীক)
-
এনায়েত উল্লাহ (মোরগ প্রতীক)
ঢাকা-১৭ আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের অংশ নিয়ে। ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ এবং নজরদারি কার্যক্রম চলমান।


