অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের বিজ্ঞানীরা উদ্ভিদের পাতার ক্ষুদ্র ছিদ্র বা স্টোমাটা পর্যবেক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। স্টোমাটা হলো উদ্ভিদের ‘মুখ’, যা আলোকসংস্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং জলীয় বাষ্পের ক্ষয় নিয়ন্ত্রণ করে।
‘স্টোমাটা ইন-সাইট’ নামের এই যন্ত্রটি পাতার উপর থাকা স্টোমাটার কার্যপ্রণালী সরাসরি চাক্ষুষ করতে সাহায্য করে। এতে উচ্চ রেজুল্যুশনের কনফোকাল মাইক্রোস্কোপ, নিখুঁত গ্যাস-আদান-প্রদান পরিমাপক এবং উন্নত মেশিন লার্নিং সফটওয়্যার ব্যবহৃত হয়েছে। পরীক্ষার সময় পাতার একটি ছোট অংশকে নিয়ন্ত্রিত চেম্বারে রাখা হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, কার্বন ডাইঅক্সাইড এবং পানি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়।
গবেষকরা ভিডিওতে দেখিয়েছেন কীভাবে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ও জলীয় বাষ্প নির্গত করে। আলো ও আর্দ্রতার পরিবর্তনের ফলে স্টোমাটার প্রতিক্রিয়ার সূক্ষ্ম কোষীয় পরিবর্তনও দৃশ্যমান হয়েছে।
ইউনিভার্সিটি অব ইলিনয়ের প্ল্যান্ট বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু লিকি ফক্স বলেছেন, “আলো থাকলে স্টোমাটা খোলে, অন্ধকারে বন্ধ হয়। এর মাধ্যমে উদ্ভিদ আলোকসংস্লেষণ চালাতে পারে, আবার পানির অপচয়ও কমায়।”
গবেষণাটি ফসলের উন্নত জাত উদ্ভাবনে বিপ্লব ঘটাতে পারে। স্টোমাটার খোলা-বন্ধ নিয়ন্ত্রণকারী ভৌত ও রাসায়নিক সংকেত, স্টোমাটার ঘনত্বের প্রভাব এবং পানির দক্ষ ব্যবহার সম্পর্কিত নতুন তথ্য বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ।
বৃদ্ধি পেয়া এই জ্ঞান কৃষিতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ফসলের সহনশীলতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। প্রযুক্তিটি ইতিমধ্যেই পেটেন্ট হয়েছে, তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য এটি এখনও প্রস্তুত নয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী Plant Physiology-এ।
সূত্র: NDTV


