অনলাইন ডেস্ক

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং আন্তর্জাতিক ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’-র প্রতিষ্ঠাতা ভ্যালেন্তিনো গারাভানি সোমবার রোমে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
ভ্যালেন্তিনো ১৯৩২ সালে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে ফ্যাশনের তত্ত্ব ও শিল্পকৌশল শেখার জন্য তিনি প্যারিসে পাড়ি জমান। পরবর্তীতে ১৯৬০ সালে নিজের নামের ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’ প্রতিষ্ঠা করেন, যা জর্জিও আরমানি এবং কার্ল লাগারফেল্ডের সঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় শীর্ষে পৌঁছে।
তার তৈরি পোশাক পরেছেন বিশ্বখ্যাত তারকারা, যার মধ্যে রয়েছেন এলিজাবেথ টেলর, ন্যান্সি রেগান, শ্যারন স্টোন ও জুলিয়া রবার্টস। তাঁর নকশা শুধুমাত্র ফ্যাশনের দিক থেকে নয়, বরং শিল্প ও সৌন্দর্যের ক্ষেত্রে যুগান্তকারী প্রতিভার নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে।
ভ্যালেন্তিনোর অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে জানানো হয়েছে, মরদেহ বুধবার ও বৃহস্পতিবার রোমের পিয়াজ্জা মিনিয়ানেল্লি-এ রাখা হবে। শুক্রবার বেসিলিকা সান্টা মারিয়া দেগলি অ্যাঞ্জেলি এ দেই মারতিরিতে শেষকৃত্য সম্পন্ন হবে।
সম্প্রতি, ২০২৩ সালের ডিসেম্বর মাসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা পেয়েছিলেন ভ্যালেন্তিনো। তাঁর শিল্প ও নকশার বৈশিষ্ট্য ভবিষ্যত প্রজন্মের ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে।


