অনলাইন ডেস্ক

ইরানে বর্তমান শাসনব্যবস্থা পতনের পর একটি “স্বাধীন ইরান” প্রতিষ্ঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হবে—এমন ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি।
বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় পাহলভি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক করা হবে এবং যুক্তরাষ্ট্র ও তার জনগণের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তি’-তে রূপান্তর করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।”
পাহলভির ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন কূটনৈতিক কাঠামো গড়ে তোলা।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের ইরান আন্তর্জাতিক সমাজে একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সহযোগিতামুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।


