অনলাইন ডেস্ক

সাতকানিয়া (চট্টগ্রাম), প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৩০ বছরের ঐতিহ্যবাহী বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকষ ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলাই সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। সততা, আনুগত্য, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব বজায় রেখে বাহিনীর ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, বিজিবির ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্য (পুরুষ ২৯৫০ ও নারী ৭৩) মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বিজিটিসিঅ্যান্ডসির স্বাভাবিক প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার হলেও অন্তর্বর্তী সরকারের নির্দেশনা ও বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা হয়।
১০৪তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে বক্ষ নম্বর ১৫৫-এর রিক্রুট আল ইমরান প্রথম স্থান অর্জন করেন। এছাড়া শারীরিক উৎকর্ষতা ও শ্রেষ্ঠ ফায়ারার বিভাগে সেরা অর্জনকারীদেরও অভিনন্দন জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
কুচকাওয়াজ শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে ট্রিক ড্রিল ও বাদকদলের ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


