অনলাইন ডেস্ক

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই জুটি আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের পরিণয় ঘটাতে যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন।
প্রায় এক বছর ধরেই জেফার রহমান ও রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে দুজনই বরাবরের মতো নীরব ছিলেন। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন এই দুই তারকা। সব জল্পনা-কল্পনার ইতি টেনে এবার চূড়ান্ত রূপ পাচ্ছে তাদের সম্পর্ক।
ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আগামীকাল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে এক সপ্তাহ আগে থেকেই ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, জেফার রহমান ও রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে একে অপরকে জানাশোনা এবং পরবর্তীতে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা।
উল্লেখ্য, রাফসান সাবাবের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই দুজনকে ঘিরে প্রেমের আলোচনা জোরালো হয়। এরপর দেশে ও দেশের বাইরে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককে তাদের একসঙ্গে ঘোরাঘুরির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তোলা ছবিগুলো নতুন করে গুঞ্জন উসকে দেয়।
এ বিষয়ে একসময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে জেফার রহমান বলেন, এসব গুঞ্জন নিয়ে তাঁর কিছু বলার নেই। তিনি আরও জানান, বিয়ে না করলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তাঁর ভাষায়, “আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই শেয়ার করতে পছন্দ করি না।”
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তব রূপ পাচ্ছে সেই গুঞ্জন। আগামীকাল জেফার রহমান ও রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।


