নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এ নোটিশ জারি করেন।
নোটিশ সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীক সংবলিত ফ্ল্যাগ বিতরণ করেন। এ ধরনের কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে প্রার্থীর এ কার্যক্রমকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে অভিহিত করে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ২০ মিনিটে তাকে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শোকজ নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।


