অনলাইন ডেস্ক

ঢাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশকে যদি আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও ‘আয়নাঘর’-এর অন্ধকার অধ্যায়ে ফিরে যেতে না হয়, তবে গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। একই সঙ্গে জনগণের পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রবিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজিত নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, দেড় বছর আগে ঢাকার রাস্তায় ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, শহীদদের দেখিয়ে যাওয়া স্বপ্নের বাংলাদেশ গড়াই তাদের মূল আকাঙ্ক্ষা—যে বাংলাদেশ অন্যায়ের পথে হাঁটবে না এবং যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “আমরা খুব বেশি কাজ করতে পারিনি। তবে যেটুকু পেরেছি, সেটুকু যেন স্থায়ী হয়, সে জন্যই গণভোট ও গণপরিষদের প্রয়োজন।” তিনি আরও বলেন, আধিপত্যবাদ কিংবা অন্যায়-অবিচারের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না—এটাই দেশের মানুষের প্রত্যাশা ও সংগ্রামের মূল চেতনা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট নাগরিকদের হাতে ডিএনসিসি নাগরিক পদক-২০২৫ তুলে দেওয়া হয়।


