বাসস

ওয়াশিংটন ডিসি, ৮ জানুয়ারি – বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকে খলিলুর রহমান জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে আমদানি বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমাতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি ২০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন, যা রাষ্ট্রদূত গ্রিয়ার ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এছাড়া মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা পোশাকের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়েও সমর্থন জানানো হয়।
উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের জন্য অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত হয়েছেন। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, বাণিজ্য বৃদ্ধির ফলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।
বৈঠকে তিনি বাংলাদেশিদের জন্য মার্কিন ‘ভিসা বন্ড’-এ অন্তর্ভুক্তির সুবিধা এবং বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (DFC) তহবিল প্রাপ্তির বিষয়েও রাষ্ট্রদূত গ্রিয়ারের কাছে আহ্বান জানান। রাষ্ট্রদূত এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মার্কিন প্রতিনিধিত্বে সহকারী ব্রেন্ডন লিঞ্চসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, আজ শুক্রবার ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।


