অনলাইন ডেস্ক

সানা/আদেন, ইয়েমেন: আগামী দুই বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল-জুবাইদি।
ভাষণে আল-জুবাইদি বলেন, এসটিসির চূড়ান্ত লক্ষ্য হলো দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা। এ লক্ষ্য অর্জনে তারা দুই বছর মেয়াদি একটি রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
এসটিসি প্রেসিডেন্ট জানান, নির্ধারিত দুই বছর আলোচনার পর দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট আয়োজন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় আগ্রহ না দেখালে কিংবা দক্ষিণ ইয়েমেনের জনগণ, তাদের ভূমি ও বাহিনীর ওপর নতুন করে হামলা হলে দুই বছর অপেক্ষা করা হবে না। সে ক্ষেত্রে আগেই স্বাধীনতা ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আল-জুবাইদির ভাষায়, এটি হবে একটি “সাংবিধানিক ঘোষণা”।
২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। হুথিদের দমন এবং মনসুর আল হাদীকে ক্ষমতায় ফেরাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি সামরিক জোট গঠন করা হয়।
২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযান চালালেও দীর্ঘ প্রায় এক দশকের চেষ্টায় তাদের পুরোপুরি দুর্বল করা সম্ভব হয়নি। বর্তমানে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের (ওয়াইপিসি) হাতে, যাকে সৌদি আরব ও তাদের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।
উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় এসটিসি মিত্র হিসেবে জোটে যোগ দিলেও পরবর্তী সময়ে তারা সেখান থেকে সরে যায়। এরপর ২০২২ সালে এসটিসি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামাউতসহ বিস্তৃত এলাকা দখলে নেয়। ওই সময় থেকেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং গত কয়েক বছর ধরে আমিরাত এসটিসিকে অস্ত্র ও রসদ দিয়ে সহায়তা করে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসটিসির সঙ্গে আমিরাতের এই আঁতাত সম্প্রতি প্রকাশ্যে আসার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের জন্য আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি আরব। আল্টিমেটামের পরপরই আমিরাত ইয়েমেন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা


