অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক প্রকাশ ও তাঁর প্রতি সম্মান জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বুধবার ঢাকার জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রাখা হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোকের অংশ হিসেবে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। “আমাদের ভাবনা তার পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে” বার্তায় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে, যা আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকালে মৃত্যুবরণ করেন। বুধবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং চন্দ্রিমা উদ্যানে তাকে দাফন করা হয়। জানাজার দিনটি সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছিল।


