অনলাইন ডেস্ক

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। হাইকমিশন ভবনের সামনে ঝোলানো নোটিশে এ সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা যায়, সম্প্রতি নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের প্রধান গেটে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র সেনা’ নামের একটি ব্যানার ব্যবহার করে কয়েকজন ব্যক্তি উগ্র আচরণ ও হুমকি প্রদান করে।
ঘটনার সময় সেখানে উপস্থিত কয়েকজন ভারতীয় নাগরিক চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন বলে জানা গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এই ঘটনার পর হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সাময়িকভাবে কনসুলার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম শুরুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এদিকে, কনসুলার সেবা বন্ধ থাকায় দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং ভারতে ভ্রমণ ইচ্ছুকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন।


