বুধবার, নভেম্বর ১১, ২০২৬

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির অঙ্গীকার প্রধান উপদেষ্টার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।” তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে এই দুঃসংবাদটি জানান।

ড. মুহাম্মদ ইউনূস মরহুম হাদিকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন অমর সৈনিক হিসেবে উল্লেখ করে বলেন, “মহান রাব্বুল আলামিন যেন তাঁকে শহিদ হিসেবে কবুল করেন।” তিনি হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, এই মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।

প্রধান উপদেষ্টা জানান, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পাশাপাশি তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

ভাষণে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাদির চিকিৎসায় তারা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান—যিনি একজন চিকিৎসকও—নিজে তাঁর পরিচর্যায় যুক্ত ছিলেন এবং নিয়মিত চিকিৎসার খোঁজখবর দিয়েছেন।

হত্যাকাণ্ডের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

তিনি আরও বলেন, “ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তাঁর কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।” ভয়, সন্ত্রাস ও রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা জানান, শহিদ হাদি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাদির স্বপ্ন বাস্তবায়নের দায় এখন সমগ্র জাতির কাঁধে।

শেষে তিনি দেশের সকল নাগরিকের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়াই হবে শহিদ শরিফ ওসমান হাদির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ