অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে গত মে মাসে সংঘটিত সামরিক সংঘাত নিয়ে আবারও কঠোর বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, ওই সংঘাতে মোদির নেতৃত্বাধীন ভারত সরকারকে “উচিত শিক্ষা” দিয়েছে পাকিস্তান—যা তারা কোনোদিন ভুলতে পারবে না। দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত পুরো ভারতই এই পরাজয়ের স্মৃতি ভুলতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শেহবাজ শরিফ। এ সময় তিনি পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো ‘জাদুবিদ্যা’ নয়, বরং কঠোর পরিশ্রম ও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও জানান, দেশটির অর্থনীতি এখন সংকটময় অবস্থা থেকে বেরিয়ে স্থিতিশীলতার পথে রয়েছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখাই সরকারের প্রধান লক্ষ্য। জাতীয় উন্নয়নের জন্য ঐক্যের ওপর জোর দিয়ে শেহবাজ শরিফ বলেন, “চারটি প্রদেশই যখন একসঙ্গে উন্নয়ন করবে, তখনই পাকিস্তান প্রকৃত অর্থে এগিয়ে যাবে।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটে। জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নয়াদিল্লির দাবি ছিল, ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার আহ্বান জানায়।
পাকিস্তানের দাবি, ভারতের সরাসরি হামলার জবাবে তারা কঠোর প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। পাশাপাশি একাধিক ড্রোনও ধ্বংস করা হয় বলে জানানো হয়।
পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সংঘাত শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
— জিও নিউজ অবলম্বনে


