নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
অভিযোগের তালিকায় আরও রয়েছেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ অভিযোগের মাধ্যমে চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল ট্রাইব্যুনাল।


