অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস। ভাষণে তিনি বলেন, “এই ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দিন। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, ভোট হলো জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোটাধিকার প্রয়োগ না হলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তিনি বলেন, “ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন।”
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, কেউ ভোট প্রদানে বাধা সৃষ্টি করলে তা সুশৃঙ্খলভাবে প্রতিহত করতে হবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।
ভাষণের শেষে তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে।


