অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ‘শরিফ ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি যে বক্তব্য দেন, তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে—এটি ইসির দৃষ্টিগোচর হয়েছে। কমিশনের মতে, ওই বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট উপস্থাপন না করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
ইসি জানায়, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে সিইসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এ ঘটনার পর রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে। সভায় সিইসি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথাও উল্লেখ করা হয়।
ইসি ব্যাখ্যায় জানায়, সিইসির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—এই সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না—এ বিষয়টি স্পষ্ট করা। কমিশন শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, উপরের ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটবে।


