নিজস্ব প্রতিবেদক

সংস্কারের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক রাজনৈতিক শক্তি ও প্রশাসনিক আমলাতন্ত্র—এমন মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আমি দ্বিধাহীনভাবে বলছি, সংস্কারের সবচেয়ে বড় প্রতিবন্ধক আমাদের মধ্যেই রয়েছে। বিশেষ করে রাজনৈতিক শক্তিগুলো এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো দৃশ্যমান শিক্ষা গ্রহণ করতে পারেনি।’
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের ক্ষেত্রে মূল প্রশ্ন হওয়া উচিত—কী ধরনের সংস্কার হচ্ছে এবং সেই সংস্কারের গুণগত মান কী। ‘কেবল সংখ্যা দিয়ে সংস্কার যাচাই করা যায় না,’—উল্লেখ করেন তিনি।
দুর্নীতি সংস্কার কমিশনের প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৪৭টি প্রস্তাবের মধ্যে বাস্তবে কয়টি কার্যকর হয়েছে—সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। আমি যতটুকু জানি, মাত্র তিনটি বাস্তবায়িত হয়েছে। অধিকাংশ প্রস্তাবের অগ্রগতি অজানা রয়ে গেছে।’ তাঁর ভাষায়, ‘সংখ্যা কিছুই বলে না। আমাদের আসতে হবে সংস্কারের বিষয়বস্তু ও মানের আলোচনায়।’
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকেও তিনি সংস্কারের বিরুদ্ধে প্রতিরোধকারী শক্তি কারা—সে প্রশ্ন তুলেছিলেন। তবে সে প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
অধ্যাদেশ প্রণয়ন প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই খসড়া অধ্যাদেশ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। চাপের মুখে প্রকাশ করা হলেও নাগরিকদের জানানো হয়নি—সুপারিশগুলো কীভাবে বিবেচনায় নেওয়া হলো। এ বিষয়ে তিনি একটি বিশেষ প্রতিবেদন প্রস্তুত করে দেওয়ার কথাও জানান।


