কুমিল্লা প্রতিনিধি

চাঁদপুর সফরকালে কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ রাখা হবে। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
শনিবার দুপুরে চাঁদপুরের জনসভায় যোগ দেওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরে তিনি জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরও একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে আমরা কথা বলেছিলাম। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ চাঁদপুর সফরে এসেছি। জনগণকে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সহায়তা বাড়ানো হবে।
এসময় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।


